ভালবাসাহীনতায় কে বাঁচিতে চায়





ভালবাসা এক অধরা মায়া


 সাইফুল হোসেন

খুব ছোট বেলায় একটা টিয়া পাখিকে ভালবেসেছিলাম। তারপর একটা বিড়াল। সারাদিন রাত মেতে থাকতাম তাদের নিয়ে। পাখিটি আমার ভালবাসার বদ্ধ খাঁচা থেকে পালিয়ে বেঁচেছিল। আর বিড়াল টা মরে গিয়েছিল অসুখে। আমার মনে আছে ওদের সেই চলে যাওয়া আমাকে কি ভীষণ কষ্ট দিয়েছিল। আমি এতটাই বিরহকাতর হয়েছিলাম যে বেঁচে থাকতে ইচ্ছে করত না। স্কুলে যাওয়া, খেলা করা, খাওয়া দাওয়া  করা-সব যেন অসম্ভব মনে হচ্ছিল আমার। কি ভীষণ কষ্ট ও বেদনাবোধ তা বলে বোঝানো বেশ কঠিন। তারপর আস্তে আস্তে মন একটু হালকা হতে থাকে। মার্বেল খেলার প্রেমে পড়ি। সকাল নেই সন্ধ্যা নেই সহপাঠীদের সাথে মার্বেল খেলা। এতটাই নিমগ্ন অবস্থা  মার্বেল খেলা নিয়ে যে পড়ালেখা খাওয়া দাওয়া ভুলে আবার মনের সব আগ্রহ নিয়ে ঝাঁপিয়ে পড়া। টিয়ার উড়ে যাবার কষ্ট, বিড়ালের মারা যাবার কষ্ট একটু একটু করে কমতে থাকে। অতীত কতদিন আর জীবন্ত থাকবে! আমি একটু একটু করে বেঁচে উঠতে থাকি।

ছেলেবেলায় আমার এক বন্ধু ছিল। ওদের পেয়ারা বাগান ছিল। গাছ থেকে একটা পেয়ারা পাড়লে আমার জন্য অপেক্ষা করত। অর্ধেক আমাকে দিত আর অর্ধেক সে খেত। খুব সকালে, স্কুলে যাবার আগে তার সাথে দেখা করতে যেতাম। হিবিজিবি কিন্তু খুব প্রয়োজনীয় কথা সেরে তারপর স্কুলে যেতাম। ও আমাকে ভালবাসত বলে সুযোগ পেলেই ওর কাছাকাছি হতাম। হঠাৎ আমার বন্ধুটির খুব অসুখ হল। ঢাকা গেল। তখনকার পিজি হাসপাতালে ছিল অনেকদিন। দেখতে পেতাম না ওকে, কোন খবর পেতাম না, বুকটা কষ্টে ভেঙে যেত। শুনলাম ওর শরীরে কিছুদিন পর পর রক্ত দিতে হবে। ও বাড়ি ফিরল। বেশ স্বাস্থ্য ভালো হয়েছিল ওর। আমার বন্ধু ফিরে এলো আমি খুব খুশি। কিন্তু ও কেমন যেন পাল্টে গেল। কই আগের সেই প্রাণচাঞ্চল্য, কই আগের সেই উচ্ছলতা! আমি ওকে চিনতে পারতাম না। আমার বুকের মধ্যে খুব ফাঁকা ফাঁকা লাগত। কি যে এক অচেনা ব্যাথা অনুভব করতাম ! একদিন হুট করে সে চলে গেল আমাকে কিছু না বলে। আকাশে চলে গেল আর ফিরে এলোনা। কত যে অপেক্ষা করেছি!  কেন এমন হয়? আল্লাহকে খুব বকে ছিলাম মনে মনে। কত রাত যে ঘুমুতে পারিনি, কত যে পানি ঝরেছে চোখ দিয়ে! এই যে এখন ও ঝরছে। 

বেঁচে থাকার জন্য ভালবাসা প্রত্যেকের জীবনে খুব প্রয়োজনীয়। এটা হারানোর কষ্ট মানুষকে খুব পীড়িত করে, আহত করে, বেদনাক্লিষ্ট করে। অক্টপাসের মত দুখের জালে জড়িয়ে যায় প্রেম প্রত্যাখ্যাত বা প্রেম হারানো মানুষ তাই সে মানুষের প্রতি প্রেম হোক বা অন্য কিছুর প্রতি প্রেম হোক। 
একটি মেয়ের প্রেমে পড়েছিলাম সেই কিশোর বয়সে। তাকে এক নজর দেখার জন্য কি আকুলতা, মনের মধ্যে কি অশান্ত ঝড় ! একটু দেখতে পেলে আহ কি শান্তি। তার বাড়ির চারপাশ, তার পথের কিনার ছিল আমার সবুজ চোখের অবাধ বিচরণ। তার সাথে আমার তেমন কোন কথা হয়নি কোনদিন তবু তাকে ভুলতে পারিনি আজও।

আস্তে আস্তে সময় বয়ে যায়, যাচ্ছে। জীবনের প্রতি পাতায় কত কিছু লেখা হল, হচ্ছে কত ছবি আঁকা হল, হচ্ছে। স্মৃতির খেরোখাতা ভারী হল, হচ্ছে আজও। এখনো হয়ত খুঁজি কিছু যা পাওয়া হয়নি, পাওয়া হলে ভালো হত। আসলে আমরা কি জানি কেমন জীবন চাই, কেমন সাতরঙা ভালবাসা চাই, কার কাছ থেকেই বা চাই?

ভালবাসার মানুষ কে হারালে সবার খুব কষ্ট হয়, মরে যেতে ইচ্ছে করে। অনেক তরুন তরুণী এই কষ্ট সহ্য করতে না পেরে অসুস্থ হয়েছে, নিজের জীবনকে নিজের হাতে নিঃশেষ করে দিয়েছে, নিজের জীবনকে অনেক পার্থিব বিষয় থেকে বিমুখ করেছে আবার কেউ কেউ আত্মহত্যার পথ ও বেছে নিয়েছে। 

ভালবাসাহীন জীবন মৃত জীবন। তাই আমরা চাই ভালবাসতে, ভালবাসা পেতে। তবে কাউকে ভালবাসার আগে একটা প্রশ্ন করতে হবে নিজেকে। আমি নিজেকে ভালবাসিত? যদি নিজেকে ভালবাসি, জীবন আমাদেরকে অনেক কিছু দেবে। যা চাইবে জীবনের কাছে সে তোমাকে তাই দেবে। আমার মনে হয়েছে নিজেকে ভালবাসা খুব জরুরী। নিজেকে ভালবাসলে অন্যকে ভালবাসার অধিকার জন্মে, অন্যের ভালবাসা পাওয়া সহজ হয়। 

আজ যারা তরুন, পড়াশুনা করছ, জীবনকে নিয়ে স্বপ্নের জাল বুনছ, তাদের জন্য কিছু বলার আছে আমার।  তোমার নিজের জীবন কে ভালবাস, সময়কে মূল্য দাও। সময়কে ভালবাস। সময়কে, জীবনকে ভালবেসে তার সঠিক ব্যবহার করতে পারলে ভালবাসা থাকবে, তোমাকে ছেড়ে পালাবে না যেমন আমার টিয়াটা পালিয়ে গিয়েছিল। 

কাউকে ভালবাসলে আর একটা বিষয় মনে রাখা তোমাদের জন্য জরুরি। বিষয়টি হল যাকে তুমি ভালোবাসো সে তোমার ভালবাসার যোগ্য কিনা, সে তোমাকে ভালবাসে কিনা। ভালবাসা আর বিশ্বাস সস্তা মানুষের কাছে আশা করা ঠিক না।

কেউ তোমাকে ভালবাসত আজ চলে গেছে। সে কি তোমাকে ভালবাসলে চলে যেতে পারে? আসলে সে একটা মায়া ছিল, ইলিউশান ছিল। তার জন্য কাঁদছ কেন? যে তোমাকে ভালবাসে তার হাত ধরো। যে তোমাকে ছেড়ে যেতে চায় তাকে ছেড়ে দাও, সে তোমার নয়। অতীত নিয়ে চোখের জল কেন ফেল? তোমার চোখের জল তো যার তার জন্য নয়! (অবশ্য কান্না চোখের জন্য ভালো) ।

অতীতে বসবাস তোমাকে কষ্টের নিগড়ে আটকে রাখে, ভবিষ্যৎ তোমাকে ভয় আর আতঙ্কের মাঝে আবদ্ধ রাখে। বর্তমান তোমাকে বাঁচতে শেখায়। বসবাস কর বর্তমানে। এটাই তোমার। অতীত এক সময় তোমার ছিল এখন নেই, আর ভবিষ্যৎ এক সময় তোমার হবে এখন তোমার নয়।

Click Here For visit our website.
                                 
ভালবাসাহীনতায় কে বাঁচিতে চায় ভালবাসাহীনতায় কে বাঁচিতে চায়  Reviewed by FinPowers.Com on August 15, 2017 Rating: 5

No comments:

Powered by Blogger.